সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

১৭ তারিখের মধ্যে শপথ হতে পারে বলে বলছে বিএনপি

অনলাইন ডেস্ক | The Headline Today

নির্বাচনে দুই তৃতীয়াংশ আসনে বিজয়ী হওয়ার পর কীভাবে এবং কার কাছে শপথ নেওয়া হবে, তা নিয়ে আলোচনা শুরু করেছে বিএনপি।

পার্লামেন্টের অনুপস্থিতিতে কীভাবে বা কার কাছে শপথ পাঠ করা হবে, তার আইনি দিকগুলো খতিয়ে দেখছেন দলটির নেতারা।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাথে শুক্রবার রাতে দেখা করেছেন বিএনপির কয়েকজন শীর্ষ নেতা।

এরপর দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেন, এখন কীভাবে বা কার কাছে শপথ নেওয়া হবে, সেগুলো বিশ্লেষণ করে দেখা হচ্ছে।

”যদি গেজেট হয়ে যায়, স্পিকার ডেপুটি স্পিকারের সুযোগ না থাকায়, তখন তিনদিনের মধ্যে সিইসির শপথ পড়ানোর সুযোগ নেওয়া যায়। সেই হিসাবে ১৭ তারিখের মধ্যে শপথ হতে পারে,” তিনি বলেন।

প্রচলিত রীতি অনুযায়ী, যেদিন সকালে সংসদ সদস্যরা শপথ নেবেন, সেদিন বিকালেই রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন।

বর্তমান আইন অনুযায়ী, স্পিকার বা ডেপুটি স্পিকার শপথ পড়াবেন। সেটা না হলে রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তির কাছে শপথ নেওয়া যাবে। কিন্তু স্পিকার বা ডেপুটি স্পিকার অসমর্থ হলে তিনদিন পরে প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াবেন।

বর্তমানে কে কীভাবে শপথ পড়াবেন, তার আইনি ব্যাখ্যা নিচ্ছে বিএনপি। প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়ালে আইনের দিকগুলো যাচাই করে দেখছে দলটি।