সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

বিকাশ-নগদ-রকেটে এক হাজারের বেশি লেনদেন নয়, বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং

অনলাইন ডেস্ক | The Headline Today

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোবাইল ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিং সেবায় কড়াকড়ি আরোপের নির্দেশনা আসছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বিকাশ, রকেট ও নগদের মতো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে (এমএফএস) এক হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না। একই সঙ্গে নির্বাচনকালীন সময়ে ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানো সাময়িকভাবে বন্ধ রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। আগামী ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত এসব সীমাবদ্ধতা কার্যকর থাকতে পারে। এ বিষয়ে চলতি সপ্তাহেই নির্দেশনা জারি করবে কেন্দ্রীয় ব্যাংক।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে ভোটে অর্থের অপব্যবহার ঠেকাতে নির্বাচন কমিশন অর্থ লেনদেন সীমিত করার নির্দেশনা দিয়ে থাকে। এবারও একই ধরনের নির্দেশনা আসছে। নির্বাচন কমিশনের চাহিদার পরিপ্রেক্ষিতে অর্থ লেনদেন সীমিত করার প্রক্রিয়া চলমান রয়েছে। নির্দেশনা চূড়ান্ত হলে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক সার্কুলার জারি করবে।