আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে আগামী ২ ফেব্রুয়ারি চট্টগ্রামের পাঁচটি স্থানে জনসভায় অংশ নেবেন ডা. শফিকুর রহমান। এসব সমাবেশে ব্যাপক জনসমাগমের লক্ষ্য নির্ধারণ করে প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট।
দলীয় সূত্রে জানা গেছে, ২ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সফর করবেন। সফরকালে তিনি পাঁচটি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। কর্মসূচি অনুযায়ী—
কক্সবাজার সদর ও মহেশখালীতে সকাল ১০টায়,
লোহাগাড়ার পদুয়ায় দুপুর ১২টায়,
সীতাকুণ্ডে দুপুর ২টায় এবং
চট্টগ্রাম মহানগরীর বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিকাল ৪টা ৪৫ মিনিটে জনসভা অনুষ্ঠিত হবে।
জনসভা উপলক্ষে প্রশাসনকে অবহিতকরণ, মঞ্চ প্রস্তুতসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম মহানগর ও জেলা পর্যায়ে জামায়াত ও এর অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে পথসভা, গণমিছিল, মাইকিং এবং লিফলেট বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।
এদিকে, ২ ফেব্রুয়ারির জনসভাগুলো সফল করার লক্ষ্যে শনিবার বিকাল ৫টায় চট্টগ্রাম মহানগর জামায়াতের উদ্যোগে ১১ দলীয় জোটের সঙ্গে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। নগরীর জামায়াতে ইসলামীর কার্যালয় (বিআইএ মিলনায়তন)-এ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন নজরুল ইসলাম এবং সঞ্চালনা করেন মুহাম্মদ উল্লাহ।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন, সংস্কার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। তিনি জানান, জনসভাগুলোতে ডা. শফিকুর রহমান চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার পরিকল্পনা তুলে ধরবেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—
চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী,
উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল জব্বার,
মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা খাইরুল বাশার,
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা এমদাদুল্লাহ সোহাইল,
খেলাফত মজলিসের সভাপতি মাওলানা খুরশিদ আলম,
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর মাওলানা জিয়াউল হোসাইন,
এনসিপি’র চট্টগ্রাম মহানগর প্রতিনিধি আবু মোজাফফর মো. আনাস,
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) চট্টগ্রাম মহানগর সভাপতি ছৈয়দ গিয়াস উদ্দিন আলম,
বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ছৈয়দ গিয়াস উদ্দিন আলম,
আমার বাংলাদেশ পার্টির আহ্বায়ক এডভোকেট গোলাম ফারুক,
বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সহ-সভাপতি এডভোকেট আব্দুল মোতালেব
এবং বাংলাদেশ লেবার পার্টির চট্টগ্রাম মহানগর সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন।